Dhaka Mail Logo

সারাদেশ

যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় তিতাস গ্যাসের পাইপলাইনে ফাটল, আতঙ্ক

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। এতে বিকট শব্দে উচ্চচাপের গ্যাস বের হতে থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করায় উত্তরবঙ্গমুখী লেনে প্রায় এক ঘণ্টার যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চার লেন মহাসড়ক প্রকল্পের আওতায় ফ্লাইওভার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় ভারী যন্ত্র দিয়ে পাইল বসানোর একপর্যায়ে মাটির নিচে থাকা তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে আঘাত লাগে। এতে পাইপলাইনে ফাটল সৃষ্টি হয়ে উচ্চচাপের গ্যাস দ্রুত বাইরে বের হতে শুরু করে। বিকট শব্দ ও তীব্র গ্যাসের গন্ধে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যান।

ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আগুন জ্বালানো এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ, এলেঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাসের জরুরি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঝুঁকিপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্মাণকাজের আগে ভূগর্ভস্থ ইউটিলিটি লাইনের অবস্থান নির্ধারণ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। এ ঘটনায় কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের অভিমত।

তিতাস গ্যাসের টাঙ্গাইল অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, "গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামতকাজ চলছে। কাজ শেষ করতে সারারাত সময় লাগতে পারে। মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ লাইনের সঙ্গে সংযুক্ত ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।"

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, "তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। দ্রুত গ্যাস নিষ্কাশন ও লিকেজ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।"

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা সম্ভাব্য অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তিতাস গ্যাসের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিনিধি/এসএস