Dhaka Mail Logo

সারাদেশ

‘রাত ১২টায় পুকুরপাড়ে আসুন, ফ্যামিলি কার্ড হবে’

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করতে বলার অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগকারী নারীর বক্তব্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী নারী জানান, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ওই নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত দরিদ্র ও অসহায় মানুষের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওটির সত্যতা ও অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে আমার দলেরই কিছু লোকের প্ররোচনায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে যায়। এখনো পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘অভিযোগকারী নারী মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। ঈদের সময় তিনি আমার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। আমি তা দিতে পারিনি। এরপর থেকেই তিনি আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছেন।’

শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। আশরাফ উদ্দিন আমার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে, সে ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস