জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রির গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পলিথিনের ব্যাগ থেকে ভারতীয় ৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই দিন পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।
প্রতিনিধি/এসএস