জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি নিয়ে সড়কে যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগের মধ্যে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিশাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য তার মা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বকুল মিয়া (২৪) নামে এক মাহুত হাতি নিয়ে সড়কে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইজিবাইকটি হাতির কাছে পৌঁছালে চালক চাঁদা এড়াতে সড়কের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতিটি হঠাৎ রাস্তার দিকে ঘুরে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং মায়ের কোলে থাকা আরিশা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মাহুত বকুল মিয়াকে মারধর করে এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার পর মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস