জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মধুখালী থানার মামলার বিচারে পূর্বপরিকল্পিতভাবে ফয়সালকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় চার আসামির মধ্যে প্রধান আসামি মো. শাহিন মারা গেছেন। বাকি তিন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর (মাঝিপাড়া) এলাকার আইয়ুব আলী ওরফে টাবু সর্দারের ছেলে চান সর্দার (২৮), জিয়াউল হক আকন্দের ছেলে মো. বাবুল আকন্দ (২২) এবং শহর আলীর ছেলে শাহিন (২৫)।
রায় ঘোষণার সময় বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি চান সর্দার ও শাহিন পলাতক।
মামলার বাদী ছিলেন তৎকালীন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ।
মামলার বিবরণে বলা হয়, ফয়সাল শহরের শরিয়াতুল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালের ৫ সেপ্টেম্বর আসামিদের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধের জেরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে শাহিন পেছন দিক থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন। পরে ফয়সালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার মা ফিরোজা বেগমের কাছে ঘটনার বর্ণনা দিয়ে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করেন।
রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান বলেন, “এই মামলায় রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।”
প্রতিনিধি/এসএস