জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফুলবাড়ী চা বাগানের ১৭ নম্বর সেকশনে কর্মরত চা–শ্রমিকেরা বড় আকৃতির একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হন। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা বন্যপ্রাণী উদ্ধারকাজে নিয়োজিত ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সকে অবহিত করেন।
মৌলভীবাজার রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের নির্দেশনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে।
উদ্ধারকারী দলের সদস্য চঞ্চল গোয়ালা বলেন, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারকালে সাপটি কিছুটা অসুস্থ ও দুর্বল ছিল। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।

উদ্ধারের পর সাপটিকে চিকিৎসার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার পর অজগরটি সুস্থ হলে তাকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
প্রতিনিধি/এসএস