জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় শতাধিক মানুষ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শুরু হওয়া এ বিক্ষোভের একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করা হলে সড়কটিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। এ সময় এমপির বাড়িতে হামলার অভিযোগও ওঠে।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদরাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদরাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেকসোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ওই ঘটনায় রেকসোনার মাথায় আঘাত লাগে।

অভিযোগ রয়েছে, সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদরাসা খুললে সেটি বন্ধ রাখতে বলা হয়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা সকাল ১০টার দিকে এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, মাদরাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার জন্য এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীদের একাংশ তার ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিচারের দাবিতে স্লোগান দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনাস্থলে যান। তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাড়ির সামনে বিক্ষোভ চলছিল এবং মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছিল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা। তিনি বলেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদরাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করত। এর প্রতিবাদ করায় তাদের পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
প্রতিনিধি/এসএস