Dhaka Mail Logo

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবি

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

পার্বত্য চট্টগ্রামের বর্তমান মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক সময়ে জননিরাপত্তা, সাধারণ মানুষের জীবিকা এবং মানবাধিকার চরম হুমকির মুখে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। অপহরণের শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, চালক, কৃষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী পর্যন্ত।

এছাড়া জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৮টির বেশি সংঘর্ষের ঘটনা ঘটে। জনসংহতি সমিতি (পিসিজেএসএস), ইউপিডিএফ (প্রসীত) এবং কেএনএফ নামক পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র দলগুলোর মাধ্যমে ৭০ জনের বেশি অপ্রাপ্তবয়স্ক শিশু ও তরুণকে জোরপূর্বক সশস্ত্র সংঘাতে বা দলীয় কাজে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৪ জন নারী অপহরণ, প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন, যা নারী ও শিশুর সুরক্ষা ও নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। সংগঠনটির তথ্যানুযায়ী, গত এক বছরে প্রায় ১৫২০টি চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি, আস্থা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে, যখন সকল নাগরিকের জীবন, মর্যাদা, নিরাপত্তা, সমঅধিকার, উন্নয়নের সুযোগ এবং আইনের সমান সুরক্ষা কার্যকরভাবে নিশ্চিত করা হবে। পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি সকলের মাঝে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতি বিরাজ করতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন— পিসিএনপি জেলা শাখা আহ্বায়ক শাহাদাৎ হোসেন, আহ্বায়ক সদস্য এরশাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ জেলা শাখা সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং খাগড়াছড়ি কলেজ শাখা সভাপতি মাকসুদুল আলম প্রমুখ।

প্রতিনিধি/টিবি