জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক গোলাম সরোয়ার আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।
পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
গোলাম সরোয়ার ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন সময়ে দলীয় কর্মকাণ্ড ও নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তিনি বরগুনার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় হন তিনি। এছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ার ঘোষণাও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এমআর