Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বুধী গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পেছনে প্রতিবেশীর পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার বাবা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস