জেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে পুলিশ।
এ ঘটনার জেরে উত্তেজিত জনতার হামলায় অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযুক্তরা হলেন কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত তপন সরকারের ছেলে পাপন সরকার (২৮) এবং একই গ্রামের সামিরন সরকারের ছেলে সাগর সরকার (২৬)। পাপন সরকার রংপুরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দুপুর ১২টার দিকে পাপন সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Papon Sarker MP’ থেকে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা উসকে দিতে পারে—এমন একটি পোস্ট দেন।
এজাহারে উল্লেখ করা হয়, ওই পোস্টে তিনি ভারতের চলমান আন্দোলন নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। একই পোস্টের মন্তব্যে সাগর সরকার, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মুজিযা এবং উহুদ যুদ্ধে তার দাঁত মোবারক ভেঙে যাওয়ার ঘটনাকে ব্যঙ্গ করে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তদের পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান বাদী হয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের খবর ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে স্থানীয় ‘তৌহিদী জনতা’ পরিচয়ে উত্তেজিত একদল লোক পাপন ও সাগর সরকারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় হামলার হুমকির তথ্য পাওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস