Dhaka Mail Logo

সারাদেশ

বান্ধবীর টানে নাটোরে চীনা যুবক, ‘স্ত্রী’ পরিচয়ে তরুণী আসতেই উধাও

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম

মোবাইল অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে চীন থেকে নাটোরের বড়াইগ্রামে ছুটে আসেন সুবেজ'র নামে এক যুবক। স্কুলছাত্রী বান্ধবীর বাড়িতে তার আগমন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার মোড় ঘুরে যায়, যখন এক তরুণী নিজেকে ওই চীনা যুবকের স্ত্রী দাবি করে সেখানে হাজির হন। এরপরই রহস্যজনকভাবে বাড়ি থেকে উধাও হয়ে যান ওই চীনা নাগরিক।

শনিবার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর ভাটোপাড়া গ্রামের মেয়ে স্কুলছাত্রী সাদিয়া খাতুনের বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান ওই চীনা যুবক। সাদিয়া ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

স্কুল শিক্ষার্থী সাদিয়া জানায়, কয়েক মাস আগে একটি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয়। তারপর গড়ে উঠে বন্ধুত্ব। সে বলে, আমার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসতে চায়। এরপর পাসপোর্ট ও ভিসা তৈরি করে ছবি পাঠায়। প্রথমে আমি বিশ্বাস করিনি, সে বাংলাদেশে আসবে। এরপর বাবা-মাকে বিষয়টি জানালে সম্মতি দেন তারা। 

আরও পড়ুন

সাদিয়া জানায়, গত বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সদস্যরা গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। খবরটি ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে তাকে দেখতে ভিড় করেন গ্রামের শত শত নারী-পুরুষ। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন গণমাধ্যমকর্মীরাও। তবে গণমাধ্যমকর্মীদের দেখে ক্ষুব্ধ হয়ে সুবেজ’র তাদের চলে যেতে বলেন। এ ঘটনায় পর আমার একটু সন্দেহ হয়।

স্কুলছাত্রী সাদিয়া আরও বলেন, সাংবাদিকদের গোপনে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার ছবিসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয় সংবাদও। এ খবর দেখে শনিবার রাতে ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন সামিরা নামে এক তরুণী। ওই তরুণী দাবি করেন, তিনি তার স্ত্রী।

সামিরা জানান, চীনা যুবক তার স্বামী। কয়েক মাস আগে ঢাকায় তাদের বিয়ে হয়েছে। কিছুদিন পর সে আবার তার দেশে ফিরে যান। তাকে বাংলাদেশে আসতে বললে জানায়, তার হাতে টাকা নেই। পরে সামাজিক মাধ্যমে জানতে পারেন, সে আবার দেশে এসেছে। পরে ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। 

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর জানান, কয়েক দিন আগে ভাটোপাড়া এলাকায় চীন থেকে একজন নাগরিক বেড়াতে এসেছেন। ভাটোপাড়া সাদ্দাম হোসেনের মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। পরে জানতে পারি, ওই বাড়িতে চীনা যুবকের স্ত্রী উপস্থিত হন। পরে সে পালিয়ে যায়।

প্রতিনিধি/এলএ