Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে মিলল ১,২৭০ পিস ইয়াবা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ সময় জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে অভিযান চালায়।

গ্রেফতার জাহিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস