Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীর উন্নয়নে জমি দেবে ভূমি মন্ত্রণালয়: মন্ত্রী

জেলা প্রতিনিধি

২৫ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

রাজশাহী মহানগরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ভূমি মন্ত্রণালয়ের অধীন মহানগর এলাকার প্রয়োজনীয় জমি দ্রুত রাজশাহী সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

তিনি বলেছেন, সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমি-সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতা রাখা হবে না। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে রাজশাহীকে দেশের অন্যতম আধুনিক ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী বোয়ালিয়া ক্লাবের সামনে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। রাজশাহী সিটি করপোরেশনের আন্তরিক উদ্যোগে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এটি শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, বরং নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, রাজশাহী মহানগরে ভূমি মন্ত্রণালয়ের অধীন যেসব জমি উন্নয়ন কাজে প্রয়োজন, সেগুলো দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। সিটি করপোরেশন, সরকারি বিভিন্ন দফতর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে রাজশাহীর উন্নয়ন আরও বেগবান হবে।

মিনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীকে আরও সুন্দর, আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নাগরিক সেবার ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন ইতোমধ্যে দেশের অন্যতম উন্নত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এ ধারা অব্যাহত রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, রাজশাহী দেশের অন্যতম শান্তিপূর্ণ মহানগর। সামান্য কিছু বিষয় থাকলেও তা দ্রুত সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দফতরের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে নগরীর ঐতিহ্যবাহী বোয়ালিয়া ক্লাবের সামনে আধুনিক ইনডোর স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি নির্মিত হলে রাজশাহীতে ইনডোর খেলাধুলার প্রসার, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন এবং তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রতিনিধি/এএইচ