Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে পেট ও দুই পায়ে স্কচটেপে পেঁচানো ২৪ হাজার ইয়াবাসহ আটক এক

জেলা প্রতিনিধি

২৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা ২৪ হাজার ইয়াবা বড়িসহ আব্দুল হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে চালককে তল্লাশি করলে তার পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছয়টি প্যাকেট পাওয়া যায়।

d52e7210-3149-4180-97ef-f0bc02161e24

পরে প্যাকেটগুলো খুলে ১২০টি বায়ুরোধী নীল জিপার পলিব্যাগে রাখা ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটক আব্দুল হোসেন টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুদারবিল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা বড়ি ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ আব্দুল হোসেনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস