জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১২:৪৭ এএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১৯৭২ সালের সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭২ সালের রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে কোনো ধরনের আপস করা হলে তা জুলাই বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা সভাপতি আব্দুল কাইয়ুম মামুনের সভাপতিত্বে সমাবেশে জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ দুটি ধারায় বিভক্ত—একটি ১৯৭২ সালের রাজনৈতিক ধারা, অন্যটি ২০২৪ সালের জুলাই বিপ্লবের ধারা। তাঁর ভাষ্য, ২০২৪ সালের চেতনার সঙ্গে আপসের চেষ্টা হলে তাঁদের আন্দোলন ভিন্ন মাত্রা পাবে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল সরকার বা প্রধানমন্ত্রী পরিবর্তনের জন্য হয়নি। এর লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটানো। এই গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না গেলে শহীদদের প্রতি দায়বদ্ধতা পালন করা সম্ভব হবে না।
মামুনুল হক বলেন, গত ১৫ বছরে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার রাজনৈতিক নেতাকর্মীদের পরিবার এবং সন্তানহারা মা-বাবার ন্যায়বিচার নিশ্চিত করতে দেশে বৈপ্লবিক সংস্কার প্রয়োজন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, পুরোনো সংবিধানে সংশোধনী এনে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাঁর দাবি, অতীতে একাধিকবার সংশোধনী আনার পরও ফ্যাসিবাদের উত্থান ঠেকানো যায়নি। তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা প্রয়োজন।
তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের গুম, খুন ও আত্মগোপনের জীবনের কথা উল্লেখ করে জুলাই বিপ্লবের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান।
সমাবেশে অন্য বক্তারাও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধি/এআর