জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বড় পর্দায় ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রোববার রাত ১টায় আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শুরুর আগেই জেলা প্রশাসনের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পুলিশ বলছে, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন বন্ধ করা হয়েছে।
জানা গেছে, বিশ্বকাপ চলাকালে যশোর টাউন হল মাঠে প্রতিদিন বড় পর্দায় ম্যাচ প্রদর্শন করা হচ্ছিল। সেখানে বৃক্ষমেলা শুরু হওয়ায় ফাইনাল ম্যাচটি ঈদগাহ মাঠে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়। বড় স্ক্রিন ও সাউন্ড সিস্টেম স্থাপনসহ প্রয়োজনীয় আয়োজনও সম্পন্ন হয়েছিল।
এরই মধ্যে রাত ৯টার দিকে ঈদগাহ মাঠের সামনে 'সচেতন দ্বীনদার নাগরিকবৃন্দ' ব্যানারে একটি মানববন্ধন হয়।
বক্তারা বলেন, ঈদগাহ মাঠ মুসল্লিদের ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। সেখানে বিশ্বকাপ ফুটবলের মতো বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন ঈদগাহ মাঠের মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা আয়োজনটি বাতিলের দাবি জানান।
এদিকে প্রশাসনের সিদ্ধান্তে খেলা দেখতে আসা অনেক ক্রীড়াপ্রেমী তরুণের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাউন হল মাঠে নির্বিঘ্নে খেলা প্রদর্শিত হলেও ফাইনালের দিন আয়োজনটি বন্ধ করে দেওয়ায় তারা হতাশ।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন ও মানববন্ধনকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পর জেলা প্রশাসনের নির্দেশনায় ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন বন্ধ করা হয়।
তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এলএ