জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে ধর্ষণ ও নিমর্ম হত্যার শিকার ৫ বছর বয়সি শিশুটির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য অটোরিকাশা উপহার দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাজু মিয়ার হাতে অটোরিকশার চাবি তুলে দেন।
এসময় আবেগাপ্লুত হয়ে রাজু মিয়া বলেন, ‘মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না।’
তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় তিনি বিএনপির নেতা এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তার কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করায় তার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান।
এসময় এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা’র কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকের এই ছোট্ট উদ্যোগ যদি পরিবারটির জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। মানুষের দুঃখ, কষ্ট লাঘব করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।’
এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ