জেলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন বোন পেয়েছে একসঙ্গে প্রাথমিক পরীক্ষায় বৃত্তি। তাদের এ সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই এ সাফল্য অর্জন করে।
বৃত্তিপ্রাপ্ত তিন যমজ বোন হলো- তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তিনজনই জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়।
বর্তমানে তিন বোনই জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বাবা রেজাউল করিম সরকার জানালেন, আমার তিন মেয়ে যমজ। একসঙ্গে বেড়ে ওঠা তাদের। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ছিল। আমি ও তাদের মা সব সময় পড়াশোনার বিষয়ে সহযোগিতা করেছি। নিজেরাও নিয়মিত পড়াশোনা করে এবং একে অপরকে সহযোগিতা করে। আল্লাহর রহমতে তাদের পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া জানান, তিন বোন ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। ভদ্র ও বিনয়ী তারা। তাদের এমন সাফল্যে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও তারা এমন সাফল্য অর্জন করবে।
জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, তিন বোন বর্তমানে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছে। তারা পড়াশোনায় অনেক ভালো।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, যমজ তিন বোন একসঙ্গে বৃত্তি পাওয়া তাদের অভিনন্দন। তারা যেন সামনে এমন সাফল্য অর্জন করতে পারে, সেজন্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
প্রতিনিধি/এলএ