Dhaka Mail Logo

সারাদেশ

প্রেম করে বিয়ে, স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রেম করে বিয়ে করা এক তরুণীর স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আব্দুল কাদির (২২) কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল কাদির এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত অভিযোগে আব্দুল কাদির বলেন, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। প্রায় দুই মাস আগে সাদিয়া স্বেচ্ছায় স্বামীর বাড়িতে চলে আসেন। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

10940c0a-adc6-45ba-b853-c92cdaee8338

অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় একটি দাওয়াতে যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তাদের পথরোধ করা হয়। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল কাদিরসহ কয়েকজন আহত হন।

আব্দুল কাদিরের অভিযোগ, হামলার একপর্যায়ে তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস