জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
‘আমাদের দেশে শাসক বদলায়, কিন্তু শাসন বদলায় না। যে সরকারই ক্ষমতায় আসুক, চাঁদাবাজি বন্ধ হয় না; বরং অনেক ক্ষেত্রে তা আরও বেড়ে যায়।’ বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘চাঁদাবাজির নানা রূপ আমরা দেখেছি। একজন মানুষের ওপর চাপ সৃষ্টি করে ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটছে।’
অনুষ্ঠান শেষে পাহাড়ধসে নিহত দুই পরিবারের হাতে জামায়াতের আমিরের পক্ষ থেকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। জেলা আমির এস এম আব্দুছ সালাম আজাদ উপস্থিত থাকতে পারেননি।
সভা শেষে নেতারা পাহাড়ধসে নিহত পাঁচজনের কবর জিয়ারত করেন
গত ৯ জুলাই দিবাগত রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পাহাড়ধসে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান ছিলেন। তারা আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা। অপর দুই নিহত হলেন মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। জুয়েলের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরা এলাকায়। তারা আজিজনগরের মিশনপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রতিনিধি/এসএস