জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:৩০ এএম
ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। বিআরটিএ ফেনী সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের মধ্যে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুইটি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি মানবিক উদ্যোগ। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
/এএস