জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন, তাদের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। এর ভিত্তিতেই সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো পরিবর্তন হয়নি। তবে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত তদারকি করছেন। তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রম সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএ