জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রায় আড়াই হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু), জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা।
ত্রাণ বিতরণ শেষে শেফালিকা ত্রিপুরা বলেন, দুর্যোগকালে কেউ যেন খাদ্যসংকটে না থাকেন, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস