জেলা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ০৮:১৬ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে।” তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তার ভাষ্য, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য হন, যা গ্রহণযোগ্য নয়।
শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমাজে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। জনগণের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেফতার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো দলের প্রতীক নয়, বরং রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনা জেলা এনসিপির নেতা বরকতুল্লাহ ফাহাদ এবং জুলাই আন্দোলনে নিহত জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস