Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রী হয়ে প্রথম বরিশাল আসছেন তারেক রহমান

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সফর উপলক্ষে একটি জরুরি প্রস্তুতি সভা হয়। পরে বিকেলে কীর্তনখোলা নদীর তীরের বধ্যভূমিতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। 

সফরকালে গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে একই দিন ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সম্ভাব্য ঘোষণা শোনার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই সফরকে আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছি না। এ সফল দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনার সূচনা হিসেবেও দেখছি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ, সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি/এআরএম