জেলা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচির খাবারের মান পরিদর্শনে বিদ্যালয়টিতে যান ইউএনও। এ সময় শিক্ষার্থীদের জন্য রাখা ডিমের মধ্যে একটি পচা ডিম পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
জানা গেছে, বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য ডিম ও কলা সরবরাহ করেন দফতরি আলী টিটুর স্ত্রী হেনা বেগম। উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইএসডিও (ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ইউএনও একটি পচা ডিম পেয়েছেন। তবে তখনো শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়নি। তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সন্তোষজনক পেয়েছেন।
ইউএনও আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের খাবারের মান যাচাই করতে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়। সেখানে একটি পচা ডিম পাওয়া গেছে। বিষয়টি প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস