Dhaka Mail Logo

সারাদেশ

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৬, ০৭:০২ এএম

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় আবারও গণনা করা হবে।

প্রথম দফার গণনার ১৯ দিন পর আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এ কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রথমবারের মতো সবার উপস্থিতিতে মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেক ও দুটি দানবাক্স খোলা হয়। ওই দিন গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে এসব অর্থ সোনালী ব্যাংকে শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়। কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার গণনা শেষে প্রাপ্ত অর্থ আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

প্রতিনিধি/টিবি