Dhaka Mail Logo

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে, উদ্ধার ৫

জেলা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১১ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে গুরুতর আহত বায়েজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ (৩০) জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার রাতে ১১ জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। রোববার রাত ৯টার দিকে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

তিনি বলেন, ট্রলারের ভাঙা অংশ ও একটি বয়া আঁকড়ে ধরে তারা প্রায় ছয় ঘণ্টা সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।

f0252678-7530-4b35-92ba-431ba7fb5fa4

উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২), সজিব (২৫) ও বায়েজিদ (৩০)।

নিখোঁজ ছয় জেলে হলেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে। উপজেলা প্রশাসনও এ বিষয়ে সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস