Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে অভিযানে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নওহাটা এলাকার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করা এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারিকে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস