Dhaka Mail Logo

সারাদেশ

থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি

০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। 

বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নাচ-গানের জন্য নয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক আচরণ ভঙ্গেন অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা যায়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল জয় পায়। সেই খুশিতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নারীদের পোশাক ‘সালোয়ার-কামিজ' পরে নাচ-গান আনন্দ উল্লাস করেন। উচ্ছ্বাসের সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্ট হয়। 

এ বিষয়ে আলোচিত ওয়ার্ড বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল ও দলীয় শৃঙ্খলা বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সকল পদ-পদবী অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে