জেলা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম
ফেনী সদর উপজেলায় ৫৫ লাখ টাকার টিআর ও কাবিখা প্রকল্পের চেক, ৩৬ বান ঢেউটিন, ২৩০টি পরিবারকে শিশু খাদ্য এবং ১৫০ জনকে গোখাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক ও অন্যান্য সহায়তা তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং সহসভাপতি তপন কর।
ফেনী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন, গৃহনির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ২৪টি টিআর প্রকল্পে ৩০ লাখ টাকা এবং ১২টি কাবিখা প্রকল্পে ২৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬টি অসহায় পরিবারকে এক বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকা, ২৩০টি পরিবারকে শিশু খাদ্য এবং ১৫০ জনকে গোখাদ্য বিতরণ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস