Dhaka Mail Logo

সারাদেশ

৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না: টুুকু

জেলা প্রতিনিধি

০৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওরের মাছের সুরক্ষায় যা যা করা প্রয়োজন, সরকার সব ধরনের সহযোগিতা করবে। তবে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং সবাইকে নিয়ম মেনে মাছ আহরণ করতে হবে। ১৬ টন মাছের পোনা হাওরে অবমুক্ত করা হচ্ছে। তাই ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা খেলার মাঠে আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে হাওরে গিয়ে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর এই আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আপনাদের আলাদা করে কিছু চাইতে হবে না। এলাকার রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর নির্যাতন সহ্য করেছেন। তিনি আমাদের এখানে এনেছেন শুধু এই এলাকার মানুষের উন্নয়নের জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকায় ব্যাপকভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। যদি সবাই চার মাস মাছ ধরা থেকে বিরত থাকেন, তাহলে ভবিষ্যতে হাওরের মাছের উৎপাদন বাড়বে এবং মানুষের অভাব-অনটন অনেকটাই দূর হবে।

Fish-Boat

তিনি আরও বলেন, আমি যতবার কারাগারে গিয়েছি, ততবারই আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। আজ তার এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষরাও এই অঞ্চলের বাসিন্দা। এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি কাজ করব, ইনশাআল্লাহ।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীমসহ স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর আনুষ্ঠানিকভাবে হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আজ সকালে নেত্রকোনার হাওরাঞ্চল সফরে এসেছেন দুই প্রতিমন্ত্রী।


প্রতিনিধি/এফএ