উপজেলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
ঢাকার সাভারে কিশোর রিপন ঋষিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুর হোসেন সামিরকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর ইসলাম।
পুলিশ জানায়, মাহাবুর হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁ গ্রামের বাসিন্দা এবং সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
ডিবির ওসি সাইদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রিপন ঋষিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ মে সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন ঋষিকে মারধরের অভিযোগ ওঠে। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরিবারের দাবি, হামলার পর রিপনের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।
প্রতিনিধি/এসএস