Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ জুলাই ২০২৬, ১০:১৯ এএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। জীবিত থাকা অপর একটি নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শিপ্রা ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ সন্তানের জন্ম দেন নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের চাঁদনী আক্তার। তার স্বামী মো. হাসান শেখ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসববেদনা শুরু হলে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাঁদনী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়। বাকি চারজনকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

আরও পড়ুন

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক নবজাতকের মৃত্যু

শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা আরও তিন নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে জীবিত থাকা একমাত্র নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ডা. শিপ্রা ব্যানার্জি বলেন, একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। জীবিত থাকা অপর নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসূতি মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং তার চিকিৎসা চলছে।

প্রতিনিধি/এসএস