Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ

জেলা প্রতিনিধি

০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

বরিশালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফয়সাল হোসেন।

বেঞ্চ সহকারী ফয়সাল বলেন, একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ধর্ষণের কারণে জন্ম নেওয়া ওই কিশোরীর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ এবং পড়াশোনার ব্যয়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের  উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের মৃত আবদুর রশিদ সিকদারের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ভূক্তভোগী ওই কিশোরীর বাড়ির সামনে ছিল তার (কিশোরীর) বাবার দূরসম্পর্কের মামাতো ভাই আলমগীরের বসতঘর। পারিবারিক সম্পর্কের কারণে কিশোরী প্রায়ই আলমগীরের বাড়িতে যাতায়াত করত। ২০২২ সালের শেষের দিকে ঘরে কেউ না থাকার সুযোগে আলমগীর কিশোরীকে ধর্ষণ করেন। 

এ বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগীকে হুমকি দেয় আলমগীর। পরে ২০২৩ সালের ২২ মার্চ দ্বিতীয় দফায় মেয়েটিকে ধর্ষণ করেন আলমগীর। এরপর মেয়েটির শারিরীক অবস্থার পরিবর্তন হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা জানায়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১ মে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে একমাত্র আসামি আলমগীরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপপরিদর্শক ( এসআই) শফিকুল ইসলাম। ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও চিকিৎসা প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণাদি পর্যালোচনা করে আলমগীরকে দোষী সাব্যস্ত করে বিচারক এই রায় দেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী ও ভুক্তভোগী কিশেরারীর বাবা আসামির দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। এ সময় তিনি বলেন, ধর্ষণের ঘটনায় তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে শিশুটির বয়স প্রায় তিন বছর। ভুক্তভোগী ও তার সন্তান বর্তমানে তার সঙ্গেই বসবাস করছেন।
  
প্রতিনিধি/এআরএম