জেলা প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সরকারি টেন্ডার ‘সমঝোতার ভিত্তিতে’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আরশাফ উদ্দিন নিজান। তিনি বলেন, এতে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হুইপ নিজান বলেন, ‘এখন থেকে কমলনগর উপজেলার সব টেন্ডার সমঝোতার ভিত্তিতে হবে। এতে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবে।’
টিআর ও কাবিখা কর্মসূচির বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অবগত আছেন। একবারে এক কোটি টাকার কাজ নেওয়ার সুযোগ নেই। তবে দুই থেকে তিন লাখ টাকার ছোট ছোট প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা কম টাকায় ইজারা দেব। টেন্ডারে আমরা কম অংশগ্রহণ করব। এখানে ৮৮ শতাংশ মানুষ গরিব।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে হুইপ নিজান বলেন, ‘সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআই