Dhaka Mail Logo

সারাদেশ

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

সকালে ছিল স্কুলের পরীক্ষা। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে বেরিয়েছিলেন বাবা। কিন্তু পথে দ্রুতগতির একটি বাসের চাপায় প্রাণ হারায় সপ্তম শ্রেণির ছাত্র কুশল সরদার (১৩)। গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার।

বুধবার (১ জুন) সকালে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন কানাই লাল সরদার। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা।

36372e64-3375-4582-9f15-52e88aa366a9

প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর বলেন, বৃষ্টির মধ্যে বাসটি দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসটি জব্দ করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, কানাই লাল সরদার এলাকার একজন সম্মানিত শিক্ষক। তার স্ত্রী মৌমিতা সরদারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। পড়াশোনায় মেধাবী ও ভদ্র স্বভাবের হওয়ায় তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল।

কুশলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি এবং কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস