জেলা প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় অবস্থিত ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গত দুই দিনে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিনে ২০ থেকে ২৫ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।
শ্রমিকদের ভাষ্য, সোমবার দুপুরে প্রথম কয়েকজন শ্রমিক হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। মঙ্গলবার সকালেও একই ধরনের ঘটনা ঘটে। অসুস্থদের বেশির ভাগই সুইং সেকশনের কর্মী। তাদের কয়েকজন জানান, কাপড় নাড়াচাড়া করার সময় ঝাঁঝালো গন্ধ বা গরম বাতাস অনুভব করার পর শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় ল্যাবজোন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, গত দুই দিনে ৪০ জনের বেশি শ্রমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরম, অক্সিজেনের স্বল্পতা বা কর্মপরিবেশের কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশের গোয়েন্দা শাখার (ইন্টেলিজেন্স) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে বিষয়টি তদন্ত করা হবে।
কারখানার হেড অব অপারেশন সাব্বির সিদ্দিকী বলেন, কোনো শ্রমিক গুরুতর অসুস্থ হননি। অসুস্থদের কারখানার চিকিৎসক ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মপরিবেশে কোনো সমস্যা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস