জেলা প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ০৯:১৯ পিএম
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। দাম্পত্য জীবনের পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিয়ে এবার একসঙ্গেই ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নাটোরের শাহাজ উদ্দীন বাদল ও তার স্ত্রী জেরিন স্বর্ণা।
শাহাজ উদ্দীন বাদলের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আর জেরিন স্বর্ণার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
জানা গেছে, তারা দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠী হিসেবে পরিচয় থেকে তাদের বন্ধুত্ব, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংসার জীবনের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত বিসিএসের প্রস্তুতি চালিয়ে যান দুজনই। দীর্ঘদিনের অধ্যবসায়, পরিকল্পিত প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার ফল হিসেবে সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের তালিকায় কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক) পদে দুজনেরই নাম এসেছে।
একই ক্যাডারে স্বামী-স্ত্রীর একসঙ্গে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।
প্রতিনিধি/এসএস