Dhaka Mail Logo

সারাদেশ

বকেয়া পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

বকেয়া মজুরি-ভাতা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে সকাল ১১টার দিকে রূপাতলী গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করে। পরে সেখানে সমাবেশ করেন শ্রমিকরা। এতে প্রায় ৩০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন।

সমাবেশে শ্রমিকরা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। পাশাপাশি কারখানা বিক্রি হলে বিদ্যমান শ্রমিকদের চাকরি বহাল রেখে মালিকানা হস্তান্তরের নিশ্চয়তা দাবি করেন।

2a012330-d97f-4feb-9ad1-de0fe9a42d9a

অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দফতর সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদার।

বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশের পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়া পাওনা না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। আগামী ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধান এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

1d7a8a1e-605f-4a6d-aa8a-d81e981c383a

সমাবেশে ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকরা দুই মাসের কাজের মজুরি চাইছেন, কিন্তু তা পরিশোধ করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, কারখানা বিক্রির আলোচনা চললেও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মালিকানা পরিবর্তন হলেও বর্তমান শ্রমিকদের চাকরি নিশ্চিত করতে হবে।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের বৈঠকে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সব কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে।

প্রতিনিধি/এসএস