জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত ছাগলের মালিক চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে। এর আগে শনিবার সন্ধ্যায় তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখানোর উদ্দেশে পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিনিধি/এসএস