জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী (২৪) গ্রেফতার হয়েছেন।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি।
গ্রেফতার সজিব আলী রাজশাহী নগরীর শাহ মখদুম থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। রোববার ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেন, ‘তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এসএস