Dhaka Mail Logo

সারাদেশ

প্রবাস থেকে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন (৪০) প্রবাস থেকে দেশে ফিরেই ঢাকার বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতার বাছির উদ্দিন দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা–সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় আব্দুর রহমান রুবেল হত্যা এবং কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাছির এজাহারভুক্ত আসামি। এছাড়া আবু বকরকে হত্যাচেষ্টার মামলাতেও তিনি আসামি।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা ও আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি। রোববার সকালে দেশে ফেরার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

প্রতিনিধি/এসএস