উপজেলা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বড়তাকিয়া গোলচত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিরসরাই মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, সেক্রেটারি বাহা উদ্দিন এবং মিরসরাই উত্তর শাখার সভাপতি সাকিব হোসাইন।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা দাবি করেন, মিরসরাইয়ে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে।
তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতাদের নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দেশে কীভাবে মাদক প্রবেশ করছে, সে বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জোরদারের দাবি জানান তারা।

সমাবেশ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস