জেলা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ফুটবল বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশজুড়ে দেখা যায় সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে চলে নানা আয়োজন, পতাকা টানানো, ব্যানার-ফেস্টুন আর আড্ডার আসর। তবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারে এক চা বিক্রেতা নিজের দলপ্রেম প্রকাশ করেছেন এক ব্যতিক্রমী উপায়ে।
স্থানীয় চা ব্যবসায়ী রবিউল ইসলাম রবি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা দলের সমর্থক হলেই তার দোকানে ৫ টাকার এক কাপ চা পাওয়া যাবে মাত্র ২ টাকায়। আর এমন ঘোষণার পর থেকেই তার ছোট্ট চায়ের দোকান পরিণত হয়েছে আর্জেন্টিনা ভক্তদের মিলনকেন্দ্রে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানটিতে ভিড় করছেন বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকরা। কেউ চা খেতে, কেউ আবার ফুটবল নিয়ে জমিয়ে আড্ডা দিতে আসছেন। চায়ের কাপে চুমুকের সঙ্গে চলছে লিওনেল মেসি, আর্জেন্টিনার সাফল্য এবং আসন্ন ম্যাচ নিয়ে প্রাণবন্ত আলোচনা।

দোকান মালিক রবিউল ইসলাম রবি ঢাকা মেইলকে জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, আর্জেন্টিনাকে আমি হৃদয় থেকে ভালোবাসি। সমর্থকদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতেই চায়ের ওপর বিশেষ ছাড় দিয়েছি। এতে সবাই খুশি হচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, ফুটবল নিয়ে তাদের আবেগ বরাবরই প্রবল। তবে কোনো চায়ের দোকানে শুধুমাত্র সমর্থকদের জন্য এমন বিশেষ ছাড়ের ব্যবস্থা আগে দেখেননি তারা।
সমর্থক মেহেদী হাসান বলেন, চা দুই টাকায় পাওয়া বড় বিষয় নয়, বরং একজন মানুষের দলের প্রতি এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। আমাদের এলাকায় অনেক ফুটবলপ্রেমী আছে, কিন্তু সমর্থকদের জন্য এভাবে বিশেষ ছাড় দেওয়ার ঘটনা আগে দেখিনি। রবিউল ভাইয়ের এই উদ্যোগ আমাদের খুব ভালো লেগেছে। এখানে এসে চা খাওয়ার পাশাপাশি আমরা ফুটবল নিয়ে আড্ডা দিচ্ছি, যা আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

আরেক সমর্থক জসিম উদ্দিন বলেন, সীমিত আয়ের একজন মানুষ হয়েও ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে চায়ের দাম কমিয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে যেমন সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, তেমনি বাজারজুড়েও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
রবিউলের এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেই নয়, পুরো এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকেই মজা করে তাকে ‘পাগলা আর্জেন্টিনা ভক্ত’ বলেও ডাকছেন। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পেরে তিনি গর্বিত।
আর্জেন্টিনা সমর্থকরা যেমন এই বিশেষ সুবিধা উপভোগ করছেন, তেমনি অন্য দলের সমর্থকরাও রবিউলের ফুটবলপ্রেম ও ব্যতিক্রমী চিন্তাধারাকে ইতিবাচকভাবেই দেখছেন। ফুটবল যে শুধু খেলা নয়, বরং মানুষের আবেগ, ভালোবাসা ও সম্প্রীতির একটি মাধ্যম নাচোলের এই ছোট্ট চায়ের দোকান যেন সেই বার্তাই নতুন করে তুলে ধরছে।
প্রতিনিধি/টিবি