Dhaka Mail Logo

সারাদেশ

সাঙ্গু নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৬, ০১:২৪ পিএম

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মো. আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) দুপুরে বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মূখ সংলগ্ন সাঙ্গু নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। 

নিহত আরেফিন বালাঘাটা বাজারের ব্যবসায়ী মো. এনাম সওদাগরের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীর পাড়ে হাত-মুখ ধুতে যায় আরেফিন। এসময় পা পিছলে নদীতে পড়ে গেলে প্রবল স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী দল তাকে উদ্ধারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

বান্দরবান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলার মো. আলী ঢাকা মেইলকে জানান, পাইনছড়া মূখ সাঙ্গু নদীর এলাকায় যেখানে আরেফিন নিখোঁজ হয়েছিল, পাঁচদিন পর বুধবার সকাল সাগে ১১টার দিকে একই এলাকার কাছাকাছি নদীতে তার মরদেহ খুঁজে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। 

বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ ঢাকা মেইলকে বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজ শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/ এজে