Dhaka Mail Logo

সারাদেশ

ডিবি হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় ফরিদপুরে ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৬, ০৯:০২ পিএম

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ (২৭) নামের এক আসামির মৃত্যুর ঘটনায় ডিবির সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাকে একই দিন দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মৃত ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

67913143-617a-484f-9072-b08f1bbb0ceb

ডিবি পুলিশের ভাষ্য, ইশতিয়াককে তার বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ের হাজতে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

তবে পরিবারের দাবি, গত শনিবার বিকেলে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করার সময় তার মায়ের সামনেই মারধর করেছিল। তাদের অভিযোগ, ওই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার ইশতিয়াকের জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

dc893fb6-0b5f-45d9-afa6-3f6dedc29f78

জানাজার আগে আয়োজিত সমাবেশে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বক্তব্য দেন। তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা জনমনে প্রশ্ন তৈরি করছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ডিবির সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়।

প্রতিনিধি/এসএস