Dhaka Mail Logo

সারাদেশ

উখিয়ায় এক সপ্তাহে চার শিশু-কিশোর নিখোঁজ, উদ্বেগে অভিভাবকেরা

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় গত এক সপ্তাহে চার শিশু-কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক নিখোঁজের ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা।

নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিখোঁজদের মধ্যে রয়েছেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মধুরপাড়া এলাকার শিশু মুসাইবা, ভালুকিয়া জাফরপালং এলাকার মাসুদ মোহাম্মদ আরবী, হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিরপাড়া এলাকার হৃদয় হাসান (১৫) এবং উখিয়ার রেদোয়ান নামের আরেক কিশোর।

এর মধ্যে শিশু মুসাইবার নিখোঁজ হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, মুসাইবা নিখোঁজ হওয়ার পর তাদের কাছে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল। তবে কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে, ঘাটিরপাড়া এলাকার কিশোর হৃদয় হাসান নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো হদিস পাননি। তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।

স্বল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু ও কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের ভাষ্য, সন্তানরা ঘরের বাইরে গেলে নিরাপদে ফিরে আসবে কি না, সেই শঙ্কা এখন অনেক পরিবারের মধ্যে কাজ করছে।

নিখোঁজদের স্বজনরা উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রতিটি নিখোঁজের ঘটনা একটি পরিবারের জন্য সীমাহীন কষ্ট, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের মতে, ঘটনাগুলোকে পৃথকভাবে না দেখে সামগ্রিকভাবে বিশ্লেষণ ও তদন্ত করা জরুরি। একই সঙ্গে দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, শিশু মুসাইবার নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিখোঁজ শিশু-কিশোরদের খুঁজে বের করতে কাজ চলছে।

প্রতিনিধি/এসএস