Dhaka Mail Logo

সারাদেশ

কমিশন নেওয়ার অভিযোগের পর দেবীগঞ্জের পিআইও প্রত্যাহার

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশন নেওয়ার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে সংযুক্ত করা হয়।

মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। তাকে আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন বিকেল থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এর আগে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের সমর্থনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন এবং কমিশনের হিসাব-সংক্রান্ত প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন। এক পর্যায়ে ৮ টন গমের বরাদ্দের বিপরীতে ৩৮ হাজার টাকা, একটি টিআর প্রকল্পের ১ লাখ ৬২ হাজার টাকার বরাদ্দের বিপরীতে ২৪ হাজার টাকা এবং আরেকটি প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশনের হিসাব করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে কয়েকজনকে টাকা গুনতে এবং ফাইলের সামনে অর্থ রাখতে দেখা যায়।

তবে বদলির প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো উল্লেখ নেই।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস